[email protected] বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২

শপথ অনুষ্ঠানে সংসদ ভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ৬:৩৫ পিএম

সংগৃহীত ছবি

নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আয়োজন করা হচ্ছে।

এ উপলক্ষে সেখানে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

সম্ভাব্য যানজট নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, অনুষ্ঠান চলাকালীন সংসদ ভবনের সামনের খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর এলাকা) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত রাখা হবে।

সাময়িক অসুবিধা কমাতে বিভিন্ন সড়কে বিকল্প পথ (ডাইভারশন) নির্ধারণ করা হয়েছে।
বিকল্প যাতায়াত নির্দেশনা-
১. মিরপুর রোড থেকে ফার্মগেট (মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে)
উত্তর দিক থেকে মিরপুর রোড হয়ে ফার্মগেট বা সোনারগাঁওগামী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–উড়োজাহাজ মোড়–বিজয় সরণি হয়ে ডানে ঘুরে ফার্মগেটের দিকে যেতে পারবে।
২. ধানমন্ডি থেকে ফার্মগেটগামী যানবাহন
ধানমন্ডি-২৭ এলাকা থেকে আসা যানবাহন আসাদগেট হয়ে প্রতিরক্ষা গ্যাপ দিয়ে ডানে মোড় নেবে। এরপর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–উড়োজাহাজ মোড়–বিজয় সরণি অতিক্রম করে ডানে ঘুরে ফার্মগেটের দিকে যাবে।
৩. আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিং
আসাদগেট থেকে বামে মোড় নিয়ে গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর) হয়ে প্রতিরক্ষা গ্যাপ দিয়ে ডানে ঘুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–উড়োজাহাজ মোড়–বিজয় সরণি হয়ে ফার্মগেট পৌঁছানো যাবে।
৪. এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডি
এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে আগত যানবাহন খেজুর বাগান মোড় থেকে ডানে ঘুরে উড়োজাহাজ মোড় হয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে বামে মোড় নিয়ে প্রতিরক্ষা গ্যাপ হয়ে আসাদগেট দিয়ে ধানমন্ডির দিকে যেতে পারবে।
৫. মিরপুর রোড থেকে ধানমন্ডি অভিমুখে
মানিক মিয়া অ্যাভিনিউয়ের ব্লকেড অপসারণের পর মিরপুর রোডের দক্ষিণমুখী যানবাহন শ্যামলী–শিশুমেলা–গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর)–আসাদগেট হয়ে সরাসরি ধানমন্ডি-২৭ এলাকায় যেতে পারবে।
৬. এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের জন্য নির্দেশনা
যানজট এড়াতে ফার্মগেট এক্সিট র‌্যাম্প ব্যবহার না করে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ ও লেক রোড এড়িয়ে চলার জন্য সব ধরনের যানবাহন চালকদের অনুরোধ জানিয়েছে ডিএমপি। নগরবাসীর সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর