নতুন করে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হওয়ায় রাষ্ট্রপতি পদে কে আসতে পারেন -এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরদার হয়েছে।
বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার দায়িত্ব নিতে যাচ্ছে—এমন প্রেক্ষাপটে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে চলছে নানা জল্পনা।
দলীয় সূত্রগুলো জানায়, রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
একই সঙ্গে আলোচনায় রয়েছেন আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে দলটির একাধিক নেতার মতে, খন্দকার মোশাররফ হোসেনের নামই বেশি গুরুত্ব পাচ্ছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে মন্ত্রিসভা গঠন নিয়ে দলীয় পর্যায়ে চূড়ান্ত আলোচনা চলছে। সম্ভাব্য মন্ত্রীদের তালিকা প্রায় চূড়ান্ত হলেও, রাষ্ট্রপতি পদের বিষয়টি নিয়েও সমান্তরালভাবে আলোচনা অব্যাহত আছে।
বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে।
গত ডিসেম্বরে আন্তর্জাতিক বার্তা সংস্থা Reuters-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেন।
উল্লেখ্য, ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন ৭৫ বছর বয়সী মো. সাহাবুদ্দিন। তিনি তখন সাক্ষাৎকারে বলেছিলেন, সুযোগ এলে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে আগ্রহী।
এসআর
মন্তব্য করুন: