ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের শপথ এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে নতুন সরকারের শপথ অনুষ্ঠান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানিয়েছে, অনুষ্ঠানে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ১২০০ অতিথি উপস্থিত থাকবেন। বিদেশি অতিথিদের তালিকায় রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসার অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে জানা গেছে। যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগরবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে।
আইন উপদেষ্টা জানিয়েছেন, সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আয়োজনের সব প্রস্তুতি শেষ। এদিন নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তারা আলাদা করে শপথ গ্রহণ করবেন।
বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। প্রচলিত রীতি অনুযায়ী বঙ্গভবনে নয়, এবার অনুষ্ঠানটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে। পুরো আয়োজন সঞ্চালনায় থাকবেন সদ্য নিয়োগপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ মিয়া।
এসআর
মন্তব্য করুন: