[email protected] সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
৩ ফাল্গুন ১৪৩২

যমুনাতেই হতে পারে নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৮:১৯ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পাওয়ার পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দলটির চেয়ারম্যান তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তিনি দায়িত্ব নিলে হবেন বাংলাদেশের ১৪তম প্রধানমন্ত্রী।


নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোথায় হবে—তা নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সম্ভাব্য কয়েকটি স্থান পর্যালোচনা করা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বর্তমানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যমুনায় অবস্থান করছেন। তিনি সেখান থেকে সরে গেলে ভবনটি সংস্কার করে নতুন প্রধানমন্ত্রীর আবাস হিসেবে প্রস্তুত করা হবে। এ কাজে এক থেকে দুই মাস সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।


উল্লেখ্য, গণভবনকে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্তের পর নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণে একটি পৃথক কমিটি গঠন করা হয়।

কমিটি শেরেবাংলা নগরের সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের সরকারি বাসভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংলগ্ন এলাকাকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনায় নেয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি নির্বাচিত সরকারের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর