[email protected] সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
৩ ফাল্গুন ১৪৩২

ছোট আকারের মন্ত্রিসভা গঠনের ভাবনায় বিএনপি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৬:৩৯ পিএম

১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে সম্ভাব্য নতুন সরকার কেমন হবে এবং কারা মন্ত্রিসভায় স্থান পাবেন -তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে।

দলীয় সূত্রগুলোর ইঙ্গিত, আসন্ন মন্ত্রিসভা হবে তুলনামূলকভাবে ছোট। বর্তমানে দেশে ৪৩টি মন্ত্রণালয় থাকলেও সেটি কমিয়ে ৩০-এর নিচে নামানোর পরিকল্পনা রয়েছে।

একাধিক মন্ত্রণালয় একীভূত করা এবং পূর্বে বিভক্ত কিছু দপ্তর পুনর্গঠনের বিষয়েও ভাবনা চলছে।

উদাহরণ হিসেবে সড়ক পরিবহন ও রেল খাতকে একই মন্ত্রণালয়ের অধীনে আনার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।


নবীন-প্রবীণের সমন্বয়-
দলীয় নীতিনির্ধারকদের মতে, নতুন মন্ত্রিসভা গঠনে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় রাখা হবে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে থাকতে পারেন অভিজ্ঞ নেতারা, আর অপেক্ষাকৃত নতুন ও তরুণ নেতাদের মধ্যে কেউ কেউ প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন।

নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখের নাম আলোচনায় রয়েছে।

নারীদের মধ্যে সেলিমা রহমান ও শামা ওবায়েদ-এর নামও শোনা যাচ্ছে।


তরুণদের মধ্যে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু এবং ইশরাক হোসেন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন বলে আলোচনা রয়েছে।


মিত্র দলগুলোর অংশগ্রহণ- বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা কয়েকটি দলের নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকেও কেউ কেউ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন। এর মধ্যে আন্দালিভ রহমান পার্থ, জোনায়েদ সাকি এবং নুরুল হক নুর-এর নাম আলোচনায় রয়েছে।


শপথ অনুষ্ঠানের প্রস্তুতি-
নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শপথ পাঠ করাবেন বলে জানা গেছে।

পরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন।


শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতিও চলছে। দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের সরকারপ্রধানদের উপস্থিতির সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।


কারা শেষ পর্যন্ত মন্ত্রিসভায় স্থান পাবেন এবং কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন—তা আনুষ্ঠানিক ঘোষণার পরই স্পষ্ট হবে।

তবে আকারে ছোট, সমন্বিত ও তুলনামূলক গতিশীল একটি মন্ত্রিসভা গঠনের দিকেই এগোচ্ছে বিএনপি—এমনটাই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর