অন্তর্বর্তী সরকারের মেয়াদে মত প্রকাশের কারণে কোনো সাংবাদিককে কারাবরণ করতে হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তথ্য উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে মতপ্রকাশের জেরে কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি।
তিনি উদাহরণ হিসেবে সাংবাদিক আনিস আলমগীর ও মঞ্জুরুল আলম পান্নার প্রসঙ্গ তুলে ধরে বলেন, তাদের ক্ষেত্রেও মত প্রকাশের কারণে কারাবাসের ঘটনা ঘটেনি। এ বিষয়ে রাষ্ট্রীয় সংস্থাগুলোর কাছে ভিন্ন কোনো তথ্য থাকলে সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয় বলে উল্লেখ করেন তিনি।
সরকারের দায়িত্ব পালন প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ১৮ মাসের সময়কালে সফলতা বা ব্যর্থতার চূড়ান্ত মূল্যায়ন এখনই করা সমীচীন নয়। তিনি দাবি করেন, দায়িত্ব পালনে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং চূড়ান্ত মূল্যায়ন করবে জনগণ।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করা ফয়েজ আহমদ তৈয়্যবের দেশত্যাগের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, ফয়েজ তৈয়্যব দীর্ঘদিন বিদেশে বসবাস করতেন। সরকারি দায়িত্ব শেষ করে তিনি নিজ পরিবারে ফিরে গেছেন।
তার পরিবার নেদারল্যান্ডসে অবস্থান করছিল এবং দেড় বছর পরিবারের বাইরে থাকার পর তিনি সেখানে ফিরে যান। বিষয়টিকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা।
এসআর
মন্তব্য করুন: