আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসান–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রমজান মাসের ২১ দিন বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়েছিল। এ সিদ্ধান্তের পর গত ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল সরকারকে উকিল নোটিশ পাঠান, যেখানে পুরো রমজান মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, দেশের অধিকাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার একটি প্রচলিত প্রথা বিদ্যমান। সংবিধানের ৩১ অনুচ্ছেদ এবং ১৫২(১) অনুচ্ছেদের ব্যাখ্যা তুলে ধরে বলা হয়, আইনগত ভিত্তি ছাড়া এ প্রথা পরিবর্তন করা যায় না। রমজানে বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তকে অসাংবিধানিক ও বৈষম্যমূলক বলেও দাবি করা হয়।
এছাড়া শিশু-কিশোর শিক্ষার্থীদের রোজা পালন করতে শারীরিক কষ্ট হতে পারে—এ যুক্তিও তুলে ধরা হয়। নোটিশে আরও বলা হয়, রমজানে স্কুল চালু থাকলে নগর এলাকায় যানজট বাড়ার আশঙ্কা থাকে, যা জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে।
সব বিষয় বিবেচনায় নিয়ে হাইকোর্ট রমজান মাসে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন।
এসআর
মন্তব্য করুন: