[email protected] রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
২ ফাল্গুন ১৪৩২

সোমবার সকালেই এমপিদের শপথ, বিকেলে নতুন মন্ত্রিসভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১:১৫ এএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ এবং নতুন মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠানের সময়সূচি চূড়ান্ত হয়েছে।

আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠিত হবে। একই দিন বিকেলে বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবন সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।


জানা গেছে, সকালে সংসদ ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। আর বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ পড়াবেন।


গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বেসরকারি ফল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের মিত্ররা ২১৪টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। এছাড়া অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা মিলিয়ে ৮টি আসনে বিজয়ী হয়েছেন।


শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে একই দিন রাতে নির্বাচিত সদস্যদের নাম-পরিচয়সহ গেজেট জারি করা হয়।


নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যেই এমপিদের শপথ আয়োজনের বিধান রয়েছে। সামনে পবিত্র রমজান মাস থাকায় শপথ প্রক্রিয়া দ্রুত সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর