[email protected] রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
২ ফাল্গুন ১৪৩২

১টি আসনেও জিততে পারেনি যে ৪২ দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ৪:১৩ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৫১টি রাজনৈতিক দলের মধ্যে ৪২টি দল একটিও আসনে জয় পায়নি।

এখন পর্যন্ত ৩০০ আসনের মধ্যে ২৯৭টির ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন

তিনটি আসনের ফলাফল স্থগিত রয়েছে, একটি আসনে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে এবং দুটি আসন আইনি জটিলতার কারণে ঝুলে আছে।


ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বড় দলগুলোর দাপটে ছোট ও মাঝারি আকারের বেশিরভাগ দলই শূন্য হাতে ফিরেছে। অংশগ্রহণকারী ৫১ দলের মধ্যে মাত্র ৯টি দল সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পেরেছে।


সবচেয়ে বেশি আসন পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)—২০৯টি। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী—৬৮টি।

১১ দলীয় জোটের শরিক এনসিপি পেয়েছে ৬টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন।

এছাড়া ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসনে জয়ী হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৭টি আসনে।


নির্বাচনের চিত্র বলছে, বেশ কয়েকটি দল শতাধিক আসনে প্রার্থী দিলেও শেষ পর্যন্ত কোনো আসন অর্জন করতে পারেনি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১ হাজার ৭৫৫ জন প্রার্থী এবং স্বতন্ত্র হিসেবে লড়েছেন ২৭৩ জন।

দলীয় প্রার্থীদের মধ্যে ৬৩ জন নারী ও ১ হাজার ৬৯২ জন পুরুষ ছিলেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ২০ জন নারী ও ২৫৩ জন পুরুষ অংশ নেন।


যেসব দল এবার কোনো আসন পায়নি, তাদের মধ্যে রয়েছে—লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, সমাজতান্ত্রিক পার্টি অব বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাপ, ইসলামী ফ্রন্ট বাংলাদেশসহ আরও বেশ কয়েকটি নিবন্ধিত রাজনৈতিক দল।


এ ছাড়া বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাগপা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বিএনএফ, এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বিএমজেপি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিক পার্টি, সমাজতান্ত্রিক পার্টি অব বাংলাদেশ (মার্কসবাদী), জনতা দল, আম জনতা দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি ও বাংলাদেশ নিজামে ইসলাম পার্টিও কোনো আসনে জয় পায়নি।

 

বিশ্লেষকদের মতে, ভোটের মাঠে জোটভিত্তিক সমীকরণ ও বড় দলগুলোর সংগঠনিক শক্তির কাছে ছোট দলগুলোর অবস্থান আরও দুর্বল হয়ে পড়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর