[email protected] বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২

পুরোনো ব্যবস্থায় ফেরার ইচ্ছা নেই জনগণের: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২:১৪ পিএম

সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক: দেশের মানুষ আগের কাঠামো বা স্থিতাবস্থায় ফিরে যেতে আগ্রহী নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।


আলী রীয়াজ বলেন, সাম্প্রতিক গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে যে জনসমর্থন এসেছে, তা স্পষ্টভাবে প্রমাণ করে—দেশের অধিকাংশ নাগরিক রাষ্ট্রব্যবস্থায় সংস্কার চান। তার ভাষায়, জনগণ পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে এবং পুরোনো বন্দোবস্তে ফিরে যাওয়ার মানসিকতা আর নেই।


তিনি জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে মোট ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন ভোটার অংশ নেন, যা মোট ভোটারের প্রায় ৬০ দশমিক ৮৪ শতাংশ। এর মধ্যে ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন ‘হ্যাঁ’ ভোট দেন—যা প্রদত্ত ভোটের প্রায় ৬৮ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি, যা প্রায় ৩১ শতাংশ। তার মতে, অংশগ্রহণের হার জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় সামান্য বেশি হওয়াও তাৎপর্যপূর্ণ।


বিশেষ সহকারী আরও বলেন, গণভোটের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা স্পষ্ট করেছিলেন—জাতীয় রূপান্তর একক সিদ্ধান্তে নয়, বরং জনগণের সম্মতির ভিত্তিতেই হওয়া উচিত। সেই বিবেচনায় দেশের ভবিষ্যৎ সংস্কারের দিক নির্ধারণে জনগণকে সরাসরি মত দেওয়ার সুযোগ করে দিতেই এই গণভোটের আয়োজন করা হয়।


আলী রীয়াজের বক্তব্য অনুযায়ী, এই রায়কে কেবল পরিসংখ্যান দিয়ে মূল্যায়ন করলে হবে না; এটি সাম্প্রতিক গণআন্দোলনে আত্মত্যাগকারী ও অংশগ্রহণকারীদের প্রত্যাশার প্রতিফলনও বটে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর