ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট ২০২৬-এর ফলাফলের গেজেট দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে তিনি জানান, রিটার্নিং অফিসারদের কাছ থেকে চূড়ান্ত রেজাল্ট শিট (হার্ড কপি) আসার পর তা যাচাই-বাছাই করে দ্রুত গেজেট প্রকাশ করা হবে। আশা করা হচ্ছে, সন্ধ্যার মধ্যে হার্ড কপি আসা শুরু হবে।
তিনি আরও বলেন, চট্টগ্রামের দুটি আসনের ফলাফল উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে এখনও প্রকাশ করা যায়নি। গেজেট প্রকাশের পর কমিশন তথ্য যাচাই শেষে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। তবে শপথ কে পড়াবেন তা সংসদ সচিবালয়ের এখতিয়ারে বলে উল্লেখ করেন তিনি।
ফলাফলের সারসংক্ষেপে আখতার আহমেদ জানান, ২৯৯টি আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও চট্টগ্রাম ২ ও ৪-এর ফলাফল স্থগিত। বাকি ২৯৭টি আসনে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, বিএনপি ২০৯টি আসনে জয়ী হয়েছেন এবং জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়ী হয়েছেন।
অন্যান্য দলের ফলাফল অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণঅধিকার পরিষদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়লাভ করেছেন। এছাড়া ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
ভোটের হার নিয়ে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার ৫৯.৪৪ শতাংশ এবং গণভোটে ৬০.২৬ শতাংশ। চট্টগ্রামের দুটি স্থগিত আসনের ভোট গণভোটে যুক্ত থাকায় গণভোটের হার সামান্য বেশি হয়েছে।
গণভোটের ফলাফলের বর্ণনায় সচিব জানান, পরিবর্তনের পক্ষে (‘হ্যাঁ’) ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং বিপক্ষে (‘না’) ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।
এসআর
মন্তব্য করুন: