ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে সারা দেশের ফলাফল একে একে নির্বাচন
কমিশনে (ইসি) পৌঁছালেও দেখা দিয়েছে নতুন এক বিপত্তি। সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল পাওয়া গেলেও এখনো অন্ধকারের রয়ে গেছে গণভোটের ফলাফল। মাঠ পর্যায় থেকে রিটার্নিং কর্মকর্তারা (ডিসি) সময়মতো তথ্য না পাঠানোয় এই জটিলতা সৃষ্টি হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, অনেক জেলা থেকেই গণভোটের তথ্য এখনো হাতে আসেনি। সংসদ নির্বাচনের ফল ঘোষণা শেষ হলেও গণভোটের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে কমিশন।
যেখানে আটকে আছে ফলাফল
ইসি কর্মকর্তাদের তথ্যমতে, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নেত্রকোনা জেলার রিটার্নিং কর্মকর্তারা সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল দিলেও গণভোটের কোনো তথ্য পাঠাননি। ইসি সচিবালয় থেকে বারবার যোগাযোগ করার পর জানা গেছে, সংশ্লিষ্ট ডিসিরা কাজ শেষ না করেই বাসায় চলে গেছেন। তারা তাদের অধীনস্থ কর্মকর্তাদের মাধ্যমে বার্তা পাঠিয়েছেন যে, শুক্রবার দিনের বেলা গণভোটের ফলাফল পাঠানো হবে। এই বিলম্বের কারণে পুরো দেশের গণভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা থমকে আছে।
চার আসনে গণভোটে 'না' জয়ী
এদিকে প্রাথমিক তথ্যে জানা গেছে, পার্বত্য অঞ্চলসহ অন্তত চারটি সংসদীয় আসনে গণভোটে 'না' ভোট জয়ী হয়েছে। প্রাপ্ত ফলাফলের চিত্র নিচে দেওয়া হলো:
সংসদীয় আসন 'হ্যাঁ' ভোট 'না' ভোট মোট ভোটার
বান্দরবান ৭১,৪১৭ ৯০,১৫৬ ৩,১৫,৪২২
চট্টগ্রাম-১৩ ৮০,৫৮০ ১,২৪,৬২৯ ৩,৯৫,২৪৬
রাঙ্গামাটি ৭১,৬৯৯ ১,৭৯,৮০৫ ৫,০৯,২৬৭
খাগড়াছড়ি ১,৪৪,৩৫৫ ১,৫৫,৯৪২ ৫,৫৪,১১৩
কর্মকর্তারা জানিয়েছেন, এই চারটি আসনে ভোটারদের মধ্যে সংবিধান সংস্কার বা প্রস্তাবিত বিষয়গুলোর প্রতি অনাগ্রহ দেখা গেছে। তবে দেশের বাকি আসনগুলোর তথ্য না আসা পর্যন্ত সামগ্রিক ফলাফল সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কমিশন।
ইসি সচিবালয় আশা করছে, শুক্রবার দুপুরের মধ্যে সব জেলার রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে তথ্য পাওয়া যাবে এবং এরপরই গণভোটের আনুষ্ঠানিক ও চূড়ান্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।
এসআর
মন্তব্য করুন: