ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শেষ হওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণ গণতান্ত্রিক চর্চার প্রতি জাতির অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।
রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা, প্রার্থীদের সংযত আচরণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত কার্যক্রমের ফলেই পুরো প্রক্রিয়া নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পর্যবেক্ষক ও গণমাধ্যম প্রতিনিধিদের অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন।
তিনি বলেন, তাদের পেশাদারিত্ব ও নিরলস প্রচেষ্টায় এত বড় আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও রাজনৈতিক দল ও প্রার্থীদের গণতান্ত্রিক আচরণ বজায় রাখার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ ধরে রাখতে হবে।
প্রফেসর ইউনূস আরও বলেন, এই নির্বাচন ও গণভোটের মাধ্যমে আবারও প্রতীয়মান হয়েছে—রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামতই মূল শক্তি।
একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এসআর
মন্তব্য করুন: