[email protected] বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৮ এএম

সংগৃহীত ছবি

রাজধানীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এসএম সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।


ডিএমপি কমিশনার বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসছেন। প্রধান উপদেষ্টার ঐতিহাসিক নির্বাচন আয়োজনের প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি বলেন, বাস্তব চিত্রেও সেটির প্রতিফলন দেখা যাচ্ছে।


ভোট-পরবর্তী সহিংসতার শঙ্কা নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, বড় রাজনৈতিক দলগুলো ফলাফল মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের পরিবেশ থাকলে সহিংসতার আশঙ্কা কম থাকে বলেও মন্তব্য করেন তিনি।


গুজব প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন ঘিরে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য আগে থেকেই ছড়ানো হচ্ছিল। তবে বাস্তবে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ভোট উৎসবমুখর পরিবেশেই হচ্ছে।


২০১৮ সালের নির্বাচনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন কমিশনার। তিনি জানান, সে সময় ভোট দিতে গিয়ে তাকে জানানো হয়েছিল তার ভোট ইতোমধ্যে দেওয়া হয়ে গেছে—এ ধরনের অভিজ্ঞতা থেকে বর্তমান নির্বাচনকে ভিন্ন বাস্তবতা হিসেবে দেখছেন তিনি।


কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টা থেকে প্রথম আড়াই ঘণ্টায় মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রায় ১১ শতাংশ ভোট পড়েছে। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৫৮৪ জন। সকাল ১০টা পর্যন্ত ২৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা সৈয়দ গোলাম মহিউদ্দিন।


কর্তৃপক্ষের দাবি, ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে এবং দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর