ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয়েছে।
একই সঙ্গে সংবিধান সংশোধন–সংক্রান্ত জুলাই জাতীয় সনদের প্রস্তাব বাস্তবায়ন বিষয়ে গণভোটও অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হচ্ছে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রয়েছে।
এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৮ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন (দলীয় ৬৩, স্বতন্ত্র ২০)। পুরুষ প্রার্থী ১ হাজার ৯৪৬ জন।
সারা দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ এবং নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।
নির্বাচন পরিচালনায় বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসকদের মধ্য থেকে ৬৯ জন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন ৫৯৮ জন।
দেশব্যাপী ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে ২১ হাজার ২৭৩টি সাধারণ কেন্দ্র এবং ২১ হাজার ৫০৬টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত।
ভোট পরিচালনায় মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে প্রিসাইডিং কর্মকর্তা ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন এবং পোলিং কর্মকর্তা ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন।
নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার সদস্য, পুলিশের ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন এবং র্যাবের ৯ হাজার ৩৪৯ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিজিবি, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, আনসার ও বিএনসিসির সদস্যরাও মাঠে রয়েছেন।
এসআর
মন্তব্য করুন: