ভোটাধিকার প্রয়োগ করা একজন নাগরিকের মৌলিক সাংবিধানিক অধিকার।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে এবার বিপুলসংখ্যক তরুণ প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন।
নতুন ভোটারদের মাঝে উৎসাহ থাকলেও অনেকেই প্রক্রিয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তায় ভোগেন। তাই ভোটকেন্দ্রে যাওয়ার আগে প্রয়োজনীয় বিষয়গুলো পরিষ্কারভাবে জেনে নেওয়া জরুরি।
এবারের ভোট আয়োজন কিছুটা ভিন্ন, কারণ একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ফলে ভোটদানের সময়সূচি ও প্রক্রিয়ায় বাড়তি কিছু ধাপ যুক্ত হয়েছে।
কীভাবে জানবেন নিজের ভোটকেন্দ্র- ভোট দেওয়ার আগে নিজের কেন্দ্রের তথ্য নিশ্চিত করা উচিত। এ জন্য নির্বাচন কমিশন কয়েকটি সহজ পদ্ধতি চালু রেখেছে—
এসএমএসের মাধ্যমে: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC লিখে স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠালে ফিরতি বার্তায় কেন্দ্রের নাম ও ভোটার নম্বর জানা যাবে।
অনলাইন পোর্টাল: নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে কেন্দ্রের তথ্য পাওয়া যায়।
মোবাইল অ্যাপ: ‘Smart Election Management BD’ অ্যাপ ব্যবহার করে মানচিত্রসহ কেন্দ্রের অবস্থান দেখা সম্ভব।
হটলাইন: প্রয়োজনে ১০৫ নম্বরে কল করে সহায়তা নেওয়া যাবে।
সঙ্গে কী রাখবেন- ভোট দিতে এনআইডি কার্ড বাধ্যতামূলক না হলেও সঙ্গে থাকলে পরিচয় যাচাই দ্রুত হয়। ভোটার স্লিপ বা ভোটার নম্বর জানা থাকলে সুবিধা হবে। এনআইডি না থাকলে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স পরিচয় নিশ্চিত করতে সহায়ক হতে পারে। কার্ড হারিয়ে গেলে আগে থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা ভালো।
ভোটের সময় ও ধাপ-;ভোটগ্রহণ চলবে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। সংসদ নির্বাচন ও গণভোটের জন্য আলাদা দুটি ব্যালট পেপারে ভোট দিতে হবে।
সাধারণ প্রক্রিয়া—
১. কেন্দ্রে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে পরিচয় নিশ্চিত করবেন।
২. তালিকায় নাম যাচাই শেষে আপনাকে দুটি ব্যালট দেওয়া হবে।
৩. ব্যালটে কর্মকর্তার সিল ও স্বাক্ষর আছে কি না দেখে নিন।
৪. বাম হাতে অমোচনীয় কালি লাগানো হবে।
৫. নির্দিষ্ট গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রতীকের পাশে সিল মারবেন।
৬. ব্যালট সঠিকভাবে ভাঁজ করে নির্ধারিত বাক্সে ফেলবেন।
এভাবেই ভোটদান সম্পন্ন হবে।
যেসব নিয়ম মেনে চলতে হবে- সুষ্ঠু ভোট নিশ্চিত করতে কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি—
ব্যালট পেপারের ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ।
কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বের মধ্যে প্রচারণামূলক সামগ্রী প্রদর্শন করা যাবে না।
অন্য ভোটারকে প্রভাবিত করা বা বিশৃঙ্খলা সৃষ্টি আইনত দণ্ডনীয়।
অনুমতি ছাড়া অন্যের ভোটকক্ষে প্রবেশ করা যাবে না।
প্রথমবার ভোট দেওয়া একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। সচেতনভাবে ও নিয়ম মেনে ভোট প্রদানই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন।
সংসদ নির্বাচন ও গণভোট—উভয় ক্ষেত্রেই নাগরিকদের মতামত ভবিষ্যৎ নীতিনির্ধারণে ভূমিকা রাখবে। তাই নির্ভয়ে ও দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এসআর
মন্তব্য করুন: