[email protected] বৃহঃস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
২৯ মাঘ ১৪৩২

ভোটে অংশগ্রহণ ও ফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ৮:৪৩ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশবাসীর প্রতি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ এবং ফলাফল গণতান্ত্রিকভাবে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। বক্তব্যের শুরুতে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন। একই সঙ্গে সাম্প্রতিক আন্দোলনে নিহতদের প্রতিও শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।


সিইসি বলেন, ভোট দেওয়া শুধু সাংবিধানিক অধিকার নয়, এটি নাগরিক দায়িত্বও। তিনি আশা প্রকাশ করেন, ভোটাররা সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও সমর্থকদের প্রতি তিনি শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।


তিনি উল্লেখ করেন, ভিন্নমত গণতন্ত্রের স্বাভাবিক অংশ। তাই উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া এবং ফলাফলকে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।


নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, পর্যবেক্ষক ও অন্যান্য সংশ্লিষ্টদের প্রতিও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান সিইসি। তিনি বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব।


কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবিলায় নির্বাচনী কর্মকর্তা, মাঠ প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করার আহ্বানও জানান তিনি।


উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের ভোট পরবর্তী সময়ে নেওয়া হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর