[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

ভোটের টানে ঘরমুখো জনস্রোত, সড়ক ও সেতুতে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৩ এএম

সংগৃহীত ছবি

নির্বাচনকে সামনে রেখে ঘরে ফিরতে শুরু করেছেন অসংখ্য ভোটার।

পরিবহনের জন্য মোড় ও স্টেশনে অপেক্ষমাণ মানুষের ভিড় বাড়ছে ঘণ্টায় ঘণ্টায়। কোনো যানবাহন দেখা গেলেই যাত্রীরা উঠতে হুড়োহুড়ি করছেন, অনেকে ঝুলে কিংবা গাদাগাদি করেই রওনা দিচ্ছেন গন্তব্যে।


মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল থেকে কর্ণফুলী ব্রিজের দুই প্রান্ত, মইজ্জারটেক ও চাতরী চৌমুহনী এলাকায় এমন দৃশ্য চোখে পড়ে। পর্যাপ্ত গাড়ি না পেয়ে অনেককে কর্ণফুলী শাহ আমানত সেতু হেঁটে পার হতে দেখা যায়। কারও হাতে ব্যাগ, কারও কাঁধে প্রয়োজনীয় জিনিসপত্র—সব মিলিয়ে বাড়িমুখো মানুষের চাপ স্পষ্ট।


যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত চাহিদার সুযোগ নিয়ে কয়েকগুণ ভাড়া আদায় করা হচ্ছে। রেহেনা আক্তার নামে এক যাত্রী জানান, সেতু এলাকা থেকে বাঁশখালীর গুনাগরী পর্যন্ত সিএনজি ভাড়া সাধারণত ৮০ থেকে ১০০ টাকা হলেও এখন ২০০ থেকে ৩০০ টাকা চাওয়া হচ্ছে।


অন্যদিকে চালকেরা বলছেন, যানজট ও গাড়ির সংকটের কারণে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।


সব ভোগান্তির মাঝেও বাড়ি ফেরার আনন্দে যাত্রীদের মুখে উচ্ছ্বাসের ছাপ। রাফসান নামে এক কলেজ শিক্ষার্থী বলেন, “আমরা নতুন ভোটার। এবারের নির্বাচনী পরিবেশ অন্য রকম। তরুণদের ভোটেই এবার দেশের নেতৃত্ব নির্ধারিত হবে বলে আশা করছি।”


আব্দুল কাদের নামে আরেক যাত্রী জানান, নবম জাতীয় সংসদ নির্বাচনের পর এবারই ভোটকে ঘিরে এমন আগ্রহ দেখছেন। তিনি বলেন, “এর আগে আর বাড়ি যাইনি ভোট দিতে। এবার প্রার্থীদের পক্ষ থেকেও যোগাযোগ হয়েছে। তাই ভোট দেওয়ার জন্যই বাড়ি ফিরছি।”


সব মিলিয়ে নির্বাচনকে ঘিরে বাড়িমুখো মানুষের এই ঢল সড়ক ও সেতু এলাকায় বাড়তি চাপ তৈরি করেছে, তবে ভোট উৎসবের আমেজে সেই কষ্টকেও তুচ্ছ করছেন অনেকেই।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর