[email protected] বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
২৮ মাঘ ১৪৩২

নতুন মন্ত্রিসভা গঠনে প্রস্তুতি শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৫২ পিএম

ফাইল  ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী কয়েক দিনের মধ্যেই।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সরকারের উপদেষ্টারা শেষ কার্যদিবস সম্পন্ন করেছেন। এর পাশাপাশি নতুন সরকার ও মন্ত্রিসভা গঠনের প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ ও বঙ্গভবন যৌথভাবে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান এবং সরকার গঠনসংক্রান্ত আনুষঙ্গিক প্রস্তুতি নিচ্ছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল সরকার গঠন করবে।

তবে নবগঠিত মন্ত্রিসভার শপথের নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।


নতুন মন্ত্রিসভায় কতজন সদস্য থাকবেন, তা নির্ভর করবে নির্বাচনে বিজয়ী দলের সিদ্ধান্তের ওপর।

তবে অতীত অভিজ্ঞতার আলোকে সংশ্লিষ্টরা প্রায় ৪০ থেকে ৫০ সদস্যের একটি মন্ত্রিসভা ধরে প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচন শেষে প্রথমে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

এরপর প্রধানমন্ত্রী ও পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের শপথের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে।
রীতি অনুযায়ী বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়।

সেই অনুযায়ী শপথ অনুষ্ঠানের ফোল্ডার প্রস্তুত, সম্ভাব্য অতিথিদের তালিকা প্রণয়নসহ সার্বিক আয়োজনের কাজ শুরু করেছে বঙ্গভবন কর্তৃপক্ষ।

এ কাজে মন্ত্রিপরিষদ বিভাগ ও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা সমন্বিতভাবে কাজ করছেন।
এদিকে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য যানবাহন প্রস্তুতের কাজ শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি যানবাহন অধিদপ্তর (পরিবহন পুল)।

১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত মন্ত্রিসভাগুলোর তথ্য পর্যালোচনায় দেখা যায়, এ সময়ে সবচেয়ে ছোট মন্ত্রিসভায় ৩৭ জন এবং সবচেয়ে বড় মন্ত্রিসভায় ৬২ জন সদস্য ছিলেন। সেই হিসাব বিবেচনায় রেখেই প্রস্তুতি চলছে।


নতুন সরকার গঠনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার গঠন সম্পন্ন করা হবে।

একজন উপদেষ্টা জানান, সম্ভাব্যভাবে ১৫ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ হতে পারে। এরপর সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।


পরিবহন পুল সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে সর্বোচ্চ ৫০ জন মন্ত্রিসভা সদস্যের জন্য গাড়ি প্রস্তুত রাখা হচ্ছে।

পরিবহন পুলের একজন কর্মকর্তা বলেন, বর্তমানে আমাদের কাছে থাকা গাড়ি এবং উপদেষ্টাদের ব্যবহৃত গাড়িগুলো মিলিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নির্বাচনের পর মন্ত্রিপরিষদ বিভাগ চাহিদা জানালে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


নতুন মন্ত্রিসভায় যাঁরা শপথ গ্রহণের আমন্ত্রণ পাবেন, তাঁদের নিজ নিজ বাসা থেকে বঙ্গভবনে আনার জন্য এসব সরকারি গাড়ি ব্যবহার করা হবে।


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এবারের শপথ অনুষ্ঠানে কোনো বিতর্কিত ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে না।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর