[email protected] সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
২৬ মাঘ ১৪৩২

নির্বাচনের আগে ৯৬ ঘণ্টা সীমিত থাকবে ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ৮:৫২ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আর্থিক লেনদেনের অপব্যবহার ঠেকাতে চার দিনের জন্য ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) কার্যক্রমে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।


কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নির্ধারিত এই সময়ে বিকাশ, রকেট ও নগদের মতো এমএফএস প্ল্যাটফর্মে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সীমিত করা হয়েছে। একজন গ্রাহক একবারে সর্বোচ্চ এক হাজার টাকা পাঠাতে পারবেন এবং দিনে সর্বোচ্চ ১০টি লেনদেনের মাধ্যমে মোট ১০ হাজার টাকা স্থানান্তর করা যাবে।


এছাড়া ইন্টারনেট ব্যাংকিং ও বিভিন্ন ব্যাংকের মোবাইল অ্যাপ ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি অর্থ পাঠানোর সুবিধা সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে প্রচলিত নিয়মে লেনদেন চালু থাকবে।


বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন উপলক্ষে এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের আওতায় পরিচালিত আইবিএফটির মাধ্যমে পিটুপি লেনদেনের অপব্যবহার রোধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লিখিত সময়ের মধ্যে এমএফএসে প্রতিটি লেনদেনের অঙ্ক ও সংখ্যার ওপর নির্দিষ্ট সীমা কার্যকর থাকবে।


প্রজ্ঞাপনে আরও বলা হয়, নির্বাচনকালে কোনো ধরনের আর্থিক অপরাধের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে নিকটবর্তী থানায় জানাতে হবে। এ জন্য প্রতিটি এমএফএস প্রতিষ্ঠানকে আলাদা জরুরি রেসপন্স সেল গঠন এবং সব লেনদেন সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে বলা হয়েছে।


এদিকে, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আইবিএফটি লেনদেন পুরোপুরি বন্ধ থাকলেও নির্বাচন কমিশন ও নিরাপত্তা সংস্থার প্রয়োজন অনুযায়ী এমএফএস প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর