[email protected] সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
২৬ মাঘ ১৪৩২

নির্বাচনি দায়িত্বে নামছেন ১,০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩১ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে দায়িত্ব পালন শুরু করছেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা মাঠপর্যায়ে দায়িত্বে থাকবেন।
শনিবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্বাচনি দায়িত্বও আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।


নির্বাচন কমিশনার বলেন, সেনাবাহিনী ইতোমধ্যে মাঠে অবস্থান করছে এবং ভোটের আগে ও পরে মোট সাত দিন দায়িত্ব পালন করবে। আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সঙ্গে একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সবাই জানিয়েছেন দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক এবং নির্বাচন আয়োজনের জন্য অনুকূল।


তিনি আরও জানান, প্রয়োজনীয় সব ব্যালট বাক্স জেলা পর্যায়ে পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা সেগুলো গ্রহণ করছেন। বর্তমানে নির্বাচন প্রস্তুতির কাজ পুরোদমে চলছে।


এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে জানানো হয়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপি এবং কোস্ট গার্ড মোতায়েন করা হবে। পাশাপাশি ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যরা বেসামরিক প্রশাসনকে সহায়তা করবেন।


পরিপত্র অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ৯ লাখ ৭০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার ও ভিডিপি সদস্য ৫ লাখ ৭৬ হাজার ৪৮৩ জন, সেনাবাহিনীর সদস্য ১ লাখ ৩ হাজার, নৌবাহিনী ৫ হাজার, বিমানবাহিনী ৩ হাজার ৭৩০ জন। এছাড়া বিজিবির ৩৭ হাজার ৪৫৩ জন, কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন, পুলিশের ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন, র‍্যাবের ৯ হাজার ৩৪৯ জন এবং চৌকিদার ও দফাদার মিলিয়ে ৪৫ হাজার ৮২০ জন সদস্য মোতায়েন থাকবেন।


এতে আরও বলা হয়, সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, র‍্যাব, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও আনসার ব্যাটালিয়ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। জেলা, উপজেলা ও থানা পর্যায়ে কাজ করবে বিজিবি, র‍্যাব, এপিবিএন ও আনসার ব্যাটালিয়ন। উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের বিশেষ দায়িত্ব থাকবে।
সব বাহিনী নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে জবাবদিহি করবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর