অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ এখন পর্যন্ত সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, “এ পর্যন্ত যে প্রস্তুতি নেওয়া হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভোটগ্রহণ প্রক্রিয়াটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা। সে কারণেই আগামী এক সপ্তাহ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকটি ছিল আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি পর্যালোচনা বিষয়ক।
পরে শনিবার রাতে যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার বক্তব্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
প্রধান উপদেষ্টার বক্তব্যের বরাতে প্রেস সচিব জানান, বর্তমানে সারা দেশে নির্বাচনী প্রচারণা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, “কোনো দল বা প্রার্থী একে অপরের বিরুদ্ধে অশালীন বক্তব্য দিচ্ছেন না, নেই কোনো অশোভন আচরণ।
এ ধরনের পরিবেশকে দেশের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য একটি ইতিবাচক অগ্রগতি হিসেবেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
এসআর