ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর কয়েকটি আসনের কিছু ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সেনাবাহিনী।
এর মধ্যে ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসনকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, ঢাকা-১৪, ১৬ ও ১৮—এই তিনটি আসনের মোট ভোটকেন্দ্রের প্রায় ১৮ শতাংশকে ঝুঁকিপূর্ণ তালিকায় রাখা হয়েছে।
নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ভোটকেন্দ্রগুলোকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে—সাধারণ, মধ্যম ঝুঁকিপূর্ণ এবং অধিক ঝুঁকিপূর্ণ। ঝুঁকির ধরন অনুযায়ী প্রতিটি কেন্দ্রে আলাদা নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন।
লেফটেন্যান্ট কর্নেল ফুয়াদ মাসরুর আরও জানান, নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। কেউ গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনকালীন কোনো সহিংসতা বা অস্থিরতার খবর প্রচারের আগে তথ্য যাচাইয়ের বিষয়ে সতর্ক থাকতে হবে, যাতে ভুল বা উসকানিমূলক সংবাদ পরিবেশিত না হয়। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও সেনাবাহিনী তৎপর থাকবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও গণমাধ্যমকর্মীদের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। কোথাও সন্দেহজনক বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দেখা দিলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন তিনি।
এসআর
মন্তব্য করুন: