[email protected] শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
২৪ মাঘ ১৪৩২

ইনকিলাব মঞ্চের দাবি: সংঘর্ষে জাবের গুলিবিদ্ধ, জুমা–আম্মারসহ একাধিক আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ৫:৫২ পিএম

সংগৃহীত ছবি

সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে ইনকিলাব মঞ্চ দাবি করেছে, তাদের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের গুলিতে আহত হয়েছেন।

শুক্রবার বিকেলে প্রকাশিত ওই বার্তায় জানানো হয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে এই ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়, “জাবের ভাই গুলিবিদ্ধ হয়েছেন। জুমা ও শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে।” একই সঙ্গে জানানো হয়, সংঘর্ষে সংগঠনের আরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
সংগঠনটির তথ্য অনুযায়ী, ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা এবং রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

জুলাই মঞ্চের একটি ফেসবুক পোস্টেও দাবি করা হয়, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে।

ওই পোস্টে গুলিবিদ্ধদের মধ্যে আবদুল্লাহ আল জাবেরের নাম উল্লেখ করা হয় এবং আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও দাবি করা হয়।


সংঘর্ষে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, বর্তমানে তিনজন চিকিৎসাধীন থাকলেও তাদের মধ্যে কেউ গুলিবিদ্ধ নন।


উল্লেখ্য, জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ কর্মসূচি পালন করছিল। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।
এদিকে আবদুল্লাহ আল জাবেরের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকেও একটি বার্তা দেওয়া হয়।

সেখানে বলা হয়, সংঘর্ষে শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং তিনি নিজেও গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করা হয়। একই সঙ্গে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে আপাতত জমায়েত না করে চিকিৎসা নেওয়ার পর পুনরায় কর্মসূচিতে ফেরার কথা উল্লেখ করা হয়।


এর আগে বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ।

ওই কর্মসূচিতে হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, আবদুল্লাহ আল জাবের, ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমাসহ সংগঠনের একাধিক নেতা-কর্মী অংশ নেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর