[email protected] বুধবার, ৮ এপ্রিল ২০২৬
২৫ চৈত্র ১৪৩২

নবম পে স্কেল কার্যকরের দাবিতে যমুনা অভিমুখে সরকারি কর্মচারীদের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৪ এএম

সংগৃহীত ছবি

নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীতে আন্দোলনে নেমেছেন সরকারি চাকরিজীবীরা।

কর্মসূচির অংশ হিসেবে তারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ঘেরাও করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে।


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে পুলিশের স্থাপন করা ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশপথে অবস্থান নেন আন্দোলনকারীরা। সেখানে তারা বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে স্লোগান দিতে থাকেন। কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ব্যবহার করে।


এর আগে সকালে সরকারি কর্মচারীরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। সেখান থেকে মিছিল নিয়ে তারা যমুনার দিকে অগ্রসর হন বলে জানান আন্দোলনে অংশ নেওয়া কর্মচারীরা।


আন্দোলনকারীদের ভাষ্য, আজকের মধ্যেই নবম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা কর্মসূচি চালিয়ে যাবেন এবং ঘরে ফিরবেন না। তাদের অভিযোগ, আগেও একাধিকবার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত গেজেট প্রকাশ করা হয়নি।


এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন ও প্রতিবেদন গ্রহণ করা হলেও তা বাস্তবায়নে কোনো দৃশ্যমান উদ্যোগ না থাকায় তারা নিজেদের সঙ্গে অবিচার করা হয়েছে বলেও দাবি করেন।


উল্লেখ্য, সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, পে কমিশনের প্রতিবেদন গ্রহণ করা হলেও নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তার মতে, ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলে এ বিষয়ে পরিবর্তন আনতে পারবে।

এসআর

সম্পর্কিত খবর