অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক আইনগত ও নীতিগত কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তাঁর দেওয়া তথ্যমতে, সরকারের মেয়াদকালে মোট ১১৬টি অধ্যাদেশ জারি করা হয়েছে এবং ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের সর্বশেষ বৈঠকে উপস্থাপিত তথ্যের সারসংক্ষেপ তুলে ধরেন তিনি। প্রেস সচিব জানান, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে গৃহীত আইন, জারি করা অধ্যাদেশ, নীতিমালা এবং স্বাক্ষরিত বিভিন্ন আন্তর্জাতিক ও প্রশাসনিক দলিল নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়।
তিনি আরও জানান, এ সময়কালে সরকার নিয়মিতভাবে ৬৮টি সাপ্তাহিক কেবিনেট সভা আয়োজন করেছে। এসব বৈঠকে মোট ৫২৬টি সিদ্ধান্ত গৃহীত হয়, যার মধ্যে ৪৩৯টি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। এতে বাস্তবায়নের হার দাঁড়ায় প্রায় ৮৩ শতাংশ।
এ ছাড়া বর্তমানে আরও ১৬টি অধ্যাদেশ প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে নীতিগত অনুমোদন পাওয়া তিনটি অধ্যাদেশ জারির অপেক্ষায় আছে। একই সময়ে ১৪টি নীতিমালা প্রণয়ন এবং ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি উপদেষ্টা পরিষদের বিবেচনার জন্য মোট ৩৪৮টি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: