ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর ক্ষমতা হস্তান্তর নিয়ে যে নানা গুঞ্জন ও বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা পরিষ্কার করেছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ বক্তব্য।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষমতা নতুন সরকারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচন-পরবর্তী সময়েও অন্তর্বর্তী সরকার আরও ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে—এমন তথ্যের কোনো ভিত্তি নেই। নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী এই ক্ষমতা হস্তান্তর আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারির মধ্যেই শেষ হবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রেস সচিব। তিনি বলেন, জনগণের দেওয়া দায়িত্ব যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে বুঝিয়ে দেওয়াই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।
সংবাদ সম্মেলনে তিনি অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তুলে ধরে জানান, গত ১৮ মাসে সরকার মোট ৬৮টি মন্ত্রিসভা বৈঠকের মাধ্যমে ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার অধিকাংশই ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। এ সময়কালে ১১৬টি অধ্যাদেশ জারি করা হয়েছে এবং আরও ১৬টি প্রক্রিয়াধীন রয়েছে।
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের নির্বাচনী পরিবেশ অতীতের ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তুলনায় বেশি শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে।
এ ছাড়া ভোক্তাদের স্বস্তির কথা বিবেচনায় নিয়ে এলপি গ্যাসের দাম কমানোর সিদ্ধান্তের কথাও জানান তিনি। স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে কেবল আমদানি পর্যায়ে ভ্যাট কার্যকর থাকবে, যার ফলে বাজারে এলপি গ্যাসের দাম কমবে বলে আশা করা হচ্ছে।
পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি অফিস সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে বলে জানান প্রেস সচিব। রমজানে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। জোহরের নামাজের জন্য দুপুর ১টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বিরতি রাখা হবে।
এসআর
মন্তব্য করুন: