ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদারে এবার ভোটকেন্দ্রের প্রাঙ্গণ পর্যন্ত সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিচালিত হবে।
নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে সারাদেশে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সেনাসদর।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানে রোলার স্কেটিং কমপ্লেক্সে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মনজুরুল ইসলাম।
তিনি বলেন, আগের নির্বাচনগুলোর তুলনায় এবার সেনাবাহিনী মোতায়েনের ধরনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এবার সেনাসদস্যদের ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহল দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।
এর উদ্দেশ্য হলো ভোটারদের নিরাপদে কেন্দ্রে আসা–যাওয়া নিশ্চিত করা এবং নির্বাচনী পরিবেশে জনআস্থা বৃদ্ধি করা।
ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মনজুরুল ইসলাম আরও জানান, গত ২০ জানুয়ারি থেকে অতিরিক্ত সেনা মোতায়েন কার্যক্রম শুরু হয়েছে, যা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
সেনাসদস্যের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন বলেন, পূর্ববর্তী নির্বাচনগুলোতে সর্বোচ্চ ৪০ থেকে ৪২ হাজার সেনাসদস্য দায়িত্ব পালন করেছেন।
সে সময় তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী এলাকায় অবস্থান করতেন এবং পরিস্থিতি অনুযায়ী মাঠে নামতেন।
এসআর
মন্তব্য করুন: