[email protected] বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

চাঁদাবাজমুক্ত উন্নত ঢাকা-৫ গড়তে হাতপাখায় ভোট চাইলেন চরমোনাই পীর

সাইদুর রহমান

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৩৮ পিএম

মাতুয়াইলে হাতপাখার নির্বাচনী জনসভা

রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল কবরস্থান মসজিদ প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩টায় এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় ঢাকা-৫ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী হাজী মোঃ ইবরাহীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং একটি মানবিক ও ইনসাফপূর্ণ সমাজ গড়তে ইসলামী আন্দোলন বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। ইসলামী অনুশাসন ছাড়া ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি বলেন, শান্তি ও উন্নয়নের প্রত্যাশা পূরণে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে হাজী মোঃ ইবরাহীমকে বিজয়ী করতে হবে।

ডেমরা ও যাত্রাবাড়ীর জনতার শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্যে চাঁদাবাজমুক্ত উন্নত ঢাকা-৫ গড়তে সবাইকে হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, হাজী মোঃ ইবরাহীম একজন পরীক্ষিত ও নীতিবান নেতা। দুইবার কাউন্সিলর থাকাকালীন তিনি কখনো দুর্নীতির সাথে সম্পৃক্ত হননি। তাই আদর্শ সমাজ গড়তে নীতিবান নেতৃত্বের বিকল্প নেই।


সভাপতির বক্তব্যে হাজী মোঃ ইবরাহীম বলেন, গত ৫৪ বছরে বহু জনপ্রতিনিধি নির্বাচিত হলেও ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলীর মানুষের ভাগ্যের প্রকৃত পরিবর্তন হয়নি। চাঁদাবাজি, জমিদখল, দুর্নীতি ও লুটতরাজের কারণে মানুষ আজ নাভিশ্বাস ফেলছে।
তিনি বলেন, নির্বাচিত হলে ডেমরা-যাত্রাবাড়ী অঞ্চলের চাঁদাবাজি চিরতরে বন্ধ করা হবে। বাড়িঘর নির্মাণে কাউকে চাঁদা দিতে হবে না, সরকারি অফিসে ঘুষ দিতে হবে না।

তাছাড়া তিনি আরও প্রতিশ্রুতি দেন—

★গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ

★তরুণদের কর্মসংস্থানে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার
নারী ও প্রবীণদের জন্য বিশেষ উন্নয়ন প্রকল্প

★অবকাঠামোগত উন্নয়নে শতভাগ গুণগত মান নিশ্চিত

★প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করে সুশাসন প্রতিষ্ঠা

তিনি বলেন, “আমি আপনাদেরই সন্তান হাজী মোঃ ইবরাহীম। দুইবার নির্বাচিত কাউন্সিলর হিসেবে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করেছি। এবার চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত আধুনিক ঢাকা-৫ গড়তে চাই, ইনশাআল্লাহ।”

জনসভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতি রেজাউল করিম আবরার, ডঃ শহিদুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব আলতাফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব এম এইচ মোস্তফাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর