[email protected] বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

নির্বাচন ঘিরে ভুয়া ফোনকল নিয়ে কর্মকর্তাদের সতর্ক করল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ১:৩৬ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রতারণামূলক ফোনকলের ফাঁদে পা না দেওয়ার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র নির্বাচনকালীন সম্মানি দেওয়ার কথা বলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে।

ইসি জানায়, প্রতারকরা বিভিন্ন কর্মকর্তাকে ফোন করে সম্মানির প্রলোভন দেখাচ্ছে এবং এজন্য ০১৩৪২০৪৬২৩২ ও ০১৬১২৬৭৭০৭৪ নম্বর ব্যবহার করছে বলে কমিশনের নজরে এসেছে।

বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়, ভোটগ্রহণ শেষে প্রচলিত বিধি অনুযায়ী প্রিসাইডিং অফিসারদের মাধ্যমে কেন্দ্রভিত্তিক সব কর্মকর্তা নির্বাচনকালীন সম্মানি পাবেন। এ বিষয়ে আলাদা করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন নেই।

এ অবস্থায় নির্বাচন কমিশন নির্বাচনে দায়িত্বে থাকা সব কর্মকর্তাকে এ ধরনের সন্দেহজনক ফোনকলে সাড়া না দিতে এবং সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর