শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) সংসদীয় আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা শাখার সেক্রেটারি নুরুজ্জামান বাদলের মৃত্যুর পর এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। ইসি জানায়, বিদ্যমান নির্বাচন আইন অনুযায়ী কোনো বৈধ প্রার্থীর মৃত্যুর ঘটনা ঘটলে সংশ্লিষ্ট আসনের ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখতে হয়।
সে অনুযায়ী শেরপুর-৩ আসনের নির্বাচন কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে। পরে নতুন করে নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনের ব্যাখ্যায় বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর ১৭ ধারার (১) উপধারা অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর এবং ভোটের আগ মুহূর্তে কোনো প্রার্থী মারা গেলে ওই আসনের নির্বাচন স্থগিত বা বাতিল করার বিধান রয়েছে।
এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শেরপুর-৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল। তাঁর মৃত্যুর বিষয়টি দলীয়ভাবে নিশ্চিত করা হয়।
দলীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তিনি ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় জানানো হয়, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ আসনে দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ নুরুজ্জামান বাদল মঙ্গলবার দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিডনিজনিত রোগে ইন্তেকাল করেছেন।
শোকবার্তায় তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানানো হয়।
এসআর
মন্তব্য করুন: