[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে বলে আশাবাদ পররাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬ ৬:০৭ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের বেশি হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত নির্বাচন রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৫৫ শতাংশ ভোট পড়েছিল। তার ধারণা, এবারের নির্বাচনে সেই হার অতিক্রম করবে। তিনি বলেন, অতীতের কোনো নির্বাচন পুরোপুরি ঝামেলামুক্ত ছিল না। এবারের নির্বাচনেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে সেগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করাই সরকারের প্রধান লক্ষ্য। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। নির্বাচনকালীন সহিংসতা মোকাবিলায় সরকারের পদক্ষেপগুলো বিদেশি কূটনীতিকদেরও অবহিত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

‘হ্যাঁ ভোট’ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, এ বিষয়ে শুরুতে মানুষের মধ্যে কিছু দ্বিধা ছিল। তবে জামায়াত ও এনসিপি আগেই হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নেয়। পরবর্তীতে বিএনপির চেয়ারম্যানও হ্যাঁ ভোটের পক্ষে মত দিয়েছেন।

তার মতে, বড় রাজনৈতিক দলগুলো যেহেতু হ্যাঁ ভোটের সমর্থন দিয়েছে, তাই এ বিষয়ে ভোটারদের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

এ ছাড়া নির্বাচনের পর প্রধান উপদেষ্টার সম্ভাব্য জাপান সফর সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো নির্দিষ্ট তথ্য নেই বলেও জানান তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর