[email protected] সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
২৯ চৈত্র ১৪৩২

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী মামলার রায় ৫ ফেব্রুয়ারি

এম. এ রনী

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬ ৬:৩৪ এএম

সংগৃহীত ছবি

২০২৪ সালের জুলাই মাসের গণআন্দোলনের সময় আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানো এবং একজনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।

রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিনটি রায়ের জন্য নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রাষ্ট্রপক্ষের হয়ে মামলাটি পরিচালনা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ একাধিক প্রসিকিউটর। অপরদিকে চার আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন আমির হোসেন।

এই মামলায় বর্তমানে আটজন আসামি কারাগারে রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলা ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক এসআই আবদুল মালেকসহ আরও কয়েকজন।

আসামিদের একজন শেখ আবজালুল হক রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়ে নিহতদের পরিবার ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তবে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ আরও আটজন আসামি এখনও পলাতক রয়েছেন।

গত বছরের ১৪ সেপ্টেম্বর মামলার সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় ছয়জন আন্দোলনকারীকে গুলি করে হত্যার পর তাদের মরদেহ পুলিশ ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে একজন জীবিত থাকলেও তাকেও হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়।

এসআর

সম্পর্কিত খবর