দীর্ঘদিনের আইনি প্রক্রিয়া শেষে সুনামগঞ্জের ছাতক এলাকার টেংরাটিলা গ্যাসক্ষেত্রের ভয়াবহ বিস্ফোরণ সংক্রান্ত মামলায় আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে বাংলাদেশ।
কানাডাভিত্তিক তেল-গ্যাস কোম্পানি নাইকোর বিরুদ্ধে দায়ের করা মামলায় বাংলাদেশের পক্ষে রায় দিয়েছে আন্তর্জাতিক সালিশি আদালত।
ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (ICSID) নাইকোকে মোট ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫১৬ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে)।
পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান বৃহস্পতিবার রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, ২০০৩ সালে টেংরাটিলা গ্যাসক্ষেত্রে অনুসন্ধান কার্যক্রমের দায়িত্ব পায় নাইকো। তবে কারিগরি দুর্বলতা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে ব্যর্থতার কারণে ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন সেখানে পরপর দুটি বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এতে বিপুল পরিমাণ গ্যাস পুড়ে যায় এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় পরিবেশ ও জনপদ।
পেট্রোবাংলা এ ঘটনায় ক্ষতিপূরণ দাবি করলেও নাইকো তা দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে বিষয়টি আন্তর্জাতিক সালিশি আদালতে গড়ায়। ট্রাইব্যুনাল তাদের রায়ে উল্লেখ করেন, নাইকোর অব্যবস্থাপনাই এই দুর্ঘটনার প্রধান কারণ।
রায়ে পুড়ে যাওয়া গ্যাসের ক্ষতিপূরণ বাবদ ৪ কোটি ডলার এবং পরিবেশসহ অন্যান্য ক্ষতির জন্য অতিরিক্ত ২০ লাখ ডলার প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বিশেষজ্ঞদের মতে, ছাতক পূর্ব ও পশ্চিম অঞ্চলে দুই থেকে পাঁচ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুতের সম্ভাবনা রয়েছে। পেট্রোবাংলা সূত্র জানায়, এ লক্ষ্যে নতুন কূপ খননের জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত রাখা হয়েছে। রায়ের আলোকে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসআর
মন্তব্য করুন: