[email protected] সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২

ভারতীয় কূটনীতিকদের পরিবারের প্রত্যাহার নিয়ে স্পষ্ট বার্তা দেখছে না ঢাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬ ৮:৪৪ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের প্রত্যাহারের ঘটনায় সরকার কোনো নির্দিষ্ট বার্তা বা উদ্বেগের ইঙ্গিত খুঁজে পাচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তার ভাষায়, এই সিদ্ধান্তের পেছনে কোনো আনুষ্ঠানিক নিরাপত্তা আশঙ্কার কথা বাংলাদেশকে জানানো হয়নি।

বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে বড় ধরনের কোনো অস্থিরতা বা সহিংস পরিস্থিতি নেই। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ অবস্থায় ভারতীয় কর্তৃপক্ষের এমন পদক্ষেপের অর্থ কী—তা পরিষ্কার নয় বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কোনো দেশ চাইলে নিজস্ব বিবেচনায় তাদের কর্মকর্তা বা পরিবারের সদস্যদের স্থানান্তরের সিদ্ধান্ত নিতে পারে। তবে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত—এমন কিছু তিনি দেখছেন না।

নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, সরকার চায় সর্বোচ্চসংখ্যক বিদেশি পর্যবেক্ষক ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণে অংশ নিক। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আগ বাড়িয়ে উদ্যোগ নেবে না, তবে কেউ আগ্রহ প্রকাশ করলে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

এদিকে রোহিঙ্গাদের বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবে যাওয়া সংক্রান্ত প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, অতীতে হাতে লেখা পাসপোর্ট ব্যবস্থার সুযোগ নিয়ে বহু রোহিঙ্গা অবৈধভাবে পাসপোর্ট সংগ্রহ করে বিদেশে গেছেন। সে সময় দুর্নীতির অভিযোগও ছিল।

তিনি জানান, বর্তমানে সৌদি কর্তৃপক্ষ ওই পাসপোর্টধারীদের নবায়নের বিষয়ে বাংলাদেশের ওপর চাপ দিচ্ছে। বিভিন্ন বাস্তবতা ও স্বার্থ বিবেচনায় সরকার প্রায় ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে পাসপোর্ট প্রদান মানেই তারা বাংলাদেশের নাগরিক—এমনটি নয় বলেও তিনি স্পষ্ট করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর