আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার থেকে তিন জেলায় মোট ৩৮ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
বুধবার দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ৫ ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান।
তিনি জানান, ঢাকা সেক্টরের আওতায় বিজিবি ৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় এই মোতায়েন কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি সংসদীয় আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের দুইটি আসনে ৬ প্লাটুন, ফরিদপুরের চারটি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জের তিনটি আসনে ৮ প্লাটুন মোতায়েন থাকবে।
নিরাপত্তা জোরদারে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও স্পর্শকাতর এলাকায় চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি চালানো হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানে বিজিবির বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।
যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (র্যাট), কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং প্রয়োজন হলে হেলিকপ্টার ব্যবহারের প্রস্তুতিও রাখা হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনে এবার বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, সাঁজোয়া যান (এপিসি) ও আধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করা হবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যাটালিয়ন সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান আরও জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজিবির ভোটকেন্দ্রে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই। প্রিজাইডিং অফিসার অনুরোধ জানালে বা সহিংসতা কিংবা অনিয়মের আশঙ্কা দেখা দিলে বিজিবি তাৎক্ষণিকভাবে কেন্দ্রে প্রবেশ করে ব্যবস্থা নিতে পারবে।
তিনি আশা প্রকাশ করেন, সরকার, নির্বাচন কমিশন ও জনগণের সম্মিলিত সহযোগিতায় এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
এসআর
মন্তব্য করুন: