[email protected] বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৬ ফাল্গুন ১৪৩২

ড্রোন উৎপাদনে বাংলাদেশ–চীনের সরকারি সহযোগিতা চুক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬ ৮:৩৬ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশে ড্রোন উৎপাদন ও সংযোজন সুবিধা গড়ে তুলতে চীনের সঙ্গে সরকারিভাবে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে বাংলাদেশ।

এই চুক্তির মাধ্যমে ড্রোন প্রযুক্তি হস্তান্তর ও যৌথভাবে কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমানবাহিনী এবং চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশন ইন্টারন্যাশনাল (সিইটিসি)-এর মধ্যে সরকার থেকে সরকার (জি-টু-জি) পর্যায়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এই চুক্তির আওতায় উভয় পক্ষ যৌথভাবে বাংলাদেশে একটি আধুনিক আনম্যানড এরিয়াল ভেহিকল (ইউএভি) উৎপাদন ও সংযোজন কেন্দ্র স্থাপন করবে। এতে প্রযুক্তি হস্তান্তরের পাশাপাশি দক্ষতা উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ প্রযুক্তিগত গবেষণার সুযোগ তৈরি হবে, যা ভবিষ্যতে দেশীয় ড্রোন শিল্পকে শক্তিশালী করবে।

প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ বিমানবাহিনী মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড্ডয়ন সক্ষম (MALE) ইউএভি এবং উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণে সক্ষম (VTOL) ড্রোন উৎপাদন ও সংযোজনের সক্ষমতা অর্জন করবে। এসব ড্রোন সামরিক ব্যবহারের পাশাপাশি মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও নজরদারি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইএসপিআর আরও জানায়, এই উদ্যোগের মাধ্যমে দেশে ইউএভি উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথ সুগম হবে। পাশাপাশি প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় ও দক্ষ অ্যারোস্পেস জনবল তৈরির মাধ্যমে জাতীয় প্রযুক্তিগত অগ্রগতিতেও উল্লেখযোগ্য অবদান রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ বাংলাদেশ বিমানবাহিনী ও সিইটিসি ইন্টারন্যাশনালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর