[email protected] বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে রুল জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬ ২:১৫ পিএম

সংগৃহীত ছবি

আদালতের নির্দেশ বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল প্রদান করেন। একই সঙ্গে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে সিইসিকে নির্দেশ দেওয়া হয়েছে।


আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। শুনানি শেষে তিনি জানান, গত বছরের ২৭ আগস্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেই নির্দেশ কার্যকর হয়নি।
তিনি বলেন, আদালতের আদেশ বাস্তবায়ন না হওয়ায় প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট রুল জারি করেছেন।


প্রসঙ্গত, ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন ইউনুছ আলী আকন্দ। আবেদনটি দীর্ঘদিন ঝুলে থাকায় তিনি হাইকোর্টে রিট করেন। আদালতের নির্দেশের পরও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরে আদালত অবমাননার আবেদন দায়ের করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর