আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে কার্যকর করতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২১ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর বিধান অনুসারে ভোটগ্রহণের দিনসহ ভোটের পরবর্তী দুই দিন পর্যন্ত নিজ নিজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পাবেন।
নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিজ নিজ কর্মস্থলের জেলা ম্যাজিস্ট্রেট অথবা রিটার্নিং অফিসারের কাছে বাধ্যতামূলকভাবে যোগদান বা রিপোর্ট করতে হবে।
জেলা ম্যাজিস্ট্রেটরা নিজ নিজ জেলার আওতায় ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন করবেন এবং মোবাইল কোর্ট পরিচালনার এলাকা নির্ধারণ করে দেবেন। পাশাপাশি প্রতিদিনের কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন নির্ধারিত ফরম্যাটে জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারকে জানাতে হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থ বিবেচনায় এই নিয়োগ দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
এসআর
মন্তব্য করুন: