প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সারাদেশে ব্যাপক জনসমর্থনের প্রবণতা দেখা যাচ্ছে।
তার মতে, জনগণ এখন সচেতনভাবে বুঝতে পারছে—‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরশাসন ও দমন-পীড়নের পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকার ধামরাই উপজেলার বাটুলিয়া গ্রামে অবস্থিত বাবা বুচাই চান পাগলার মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমে নাগরিক অধিকার সুরক্ষিত হবে, ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পথ সুগম হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হবে।
মাজারে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। বাংলাদেশ চিরকালই অলি-আউলিয়া ও সুফি সাধকদের দেশ। ইসলামের মানবিক ও শান্তির বার্তা এই ভূখণ্ডে ছড়িয়ে পড়েছে মূলত পীর-আউলিয়াদের মাধ্যমেই।
তিনি আরও বলেন, কারও বিশ্বাস বা পছন্দের সঙ্গে মিল না থাকলে সেখানে না যাওয়ার সুযোগ আছে, কিন্তু ভাঙচুর বা আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মাজার বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ।
মাজার প্রাঙ্গণ ঘুরে দেখার সময় মো. শফিকুল আলম বলেন, বাবা বুচাই চান পাগলা ছিলেন এই অঞ্চলের একজন প্রখ্যাত সাধক। প্রতিবছর জানুয়ারি মাসে এখানে বাউল গানের আসর বসে, যেখানে দেশের খ্যাতনামা বাউল শিল্পীরা অংশ নেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর কতিপয় ব্যক্তি মাজারটিতে হামলা চালিয়ে দরজা, জানালা ও গম্বুজ ভেঙে দেয়। এ ঘটনায় সরকার বাদী হয়ে মামলা দায়ের করেছে। বর্তমানে মাজারটির সংস্কারকাজ চলমান রয়েছে।
মাজার কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন জানান, এলাকার কিছু উগ্রবাদী মানসিকতার লোকজন এ ভাঙচুরের সঙ্গে জড়িত ছিল। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মাজার সংস্কারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান।
মাজার পরিদর্শনকালে প্রেস সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ সালমান হাবীব, সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহম্মেদ রাফিসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এসআর
মন্তব্য করুন: