চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব বাহিনীকে নিয়ে যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম সভা এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে অনুষ্ঠিত প্রথম সভা নিয়ে সাংবাদিকদের অবহিত করতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
নির্বাচনের আগে এই ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনো প্রভাব ফেলবে কিনা—এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, সভায় বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা হয়েছে।
তিনি জঙ্গল সলিমপুরে সংঘটিত ঘটনাকে নিন্দনীয় ও জঘন্য আখ্যা দিয়ে বলেন, সরকার এ ধরনের অপরাধ কোনোভাবেই সহ্য করবে না।
প্রেস সচিব জানান, ওই এলাকায় নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হবে এবং পুলিশ, র্যাবসহ সব আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কম্বাইন্ড অপারেশন পরিচালনা করবে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন।
এ ছাড়া অভিযানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে বলেও জানান তিনি।
বাহিনীর সদস্যদের মনোবল নিয়ে প্রশ্ন উঠলে শফিকুল আলম বলেন, এই ঘটনা বাহিনীর সদস্যদের সংকল্পকে আরও দৃঢ় করবে বলে তিনি বিশ্বাস করেন।
উল্লেখ্য, সোমবার (১৯ জানুয়ারি) জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান শেষে ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হন র্যাব সদস্যরা।
এ সময় সন্ত্রাসীদের গুলিতে র্যাব কর্মকর্তা মো. মোতালেব নিহত হন। ঘটনার পরপরই ওই এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান শুরু করে।
দীর্ঘদিন ধরেই জঙ্গল সলিমপুর এলাকা পাহাড় কাটা, ভূমিদস্যুতা ও সশস্ত্র সন্ত্রাসী তৎপরতার জন্য আলোচিত।
দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে এলাকাটি বিভিন্ন অপরাধী চক্রের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, যেখানে নিয়মিত সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে।
এসআর
মন্তব্য করুন: