প্রশাসনিক কাঠামো আরও কার্যকর ও যুগোপযোগী করতে চারটি নতুন থানা স্থাপনসহ মোট ১১টি গুরুত্বপূর্ণ প্রস্তাবের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
সোমবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার সরকারি বাসভবন যমুনায় নিকারের ১১৯তম সভা অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি ছিল নিকারের প্রথম সভা।
সভায় গাজীপুরে পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জে পূর্বাচল দক্ষিণ এবং কক্সবাজারে মাতারবাড়ী নামে তিনটি নতুন থানা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি নরসিংদীর রায়পুরা থানা বিভক্ত করে সেখানে আরও একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন পায়।
এ সভায় অর্থ উপদেষ্টা ও আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টাসহ সরকারের ছয়জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিবসহ মোট ১৪ জন সচিব ও সিনিয়র সচিব বৈঠকে অংশ নেন।
রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি পৃথক প্রশাসনিক বিভাগ গঠনের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে।
স্বাস্থ্য খাতের কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে ‘স্বাস্থ্যসেবা বিভাগ’ এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ একীভূত করে নতুন করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
এছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।
পরিবেশগত গুরুত্ব, পর্যটন সম্ভাবনা ও অর্থনৈতিক বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে ঘোষণা করার প্রস্তাবও সভায় অনুমোদিত হয়।
এসআর
মন্তব্য করুন: