[email protected] শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
২৪ মাঘ ১৪৩২

বৈধ আগ্নেয়াস্ত্র থানায় জমার শেষ সময় নির্ধারণ করল সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬ ১২:৩৬ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য সহিংসতা এড়াতে লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র আগামী ৩১ জানুয়ারির মধ্যে নিজ নিজ থানায় জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ জানায়, তফসিল ঘোষণার পরিপ্রেক্ষিতে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের লাইসেন্সধারীর জন্য আগ্নেয়াস্ত্র বহন ও প্রকাশ্যে প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
তবে নির্ধারিত নীতিমালা অনুযায়ী ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য বরাদ্দকৃত বৈধ অস্ত্রের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। একইভাবে নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়ন জমা দিয়ে অনুমোদিত সংসদ সদস্য প্রার্থী ও তাদের অনুমোদিত সশস্ত্র রিটেইনারদের ওপর অস্ত্র প্রদর্শন নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, নির্ধারিত নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে দেশের সব পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নির্বাচনকালীন সময় অস্ত্র নিয়ন্ত্রণ একটি নিয়মিত ও গুরুত্বপূর্ণ নিরাপত্তামূলক ব্যবস্থা, যা সহিংসতা ও আতঙ্ক কমাতে সহায়ক ভূমিকা রাখে।


নির্বাচনী নিরাপত্তা বিশ্লেষকদের মতে, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে ভোটের পরিবেশ আরও নিরাপদ ও শান্ত রাখা সম্ভব হবে। তবে তারা মাঠপর্যায়ে কঠোর নজরদারি ও তদারকির ওপরও জোর দিয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর