২০১৩ সালের ২ ডিসেম্বর শাহবাগ থেকে গুম হওয়া পারভেজ হোসেনের কন্যা, কিশোরী আদিবা ইসলাম হৃধি, তার বাবাকে ফেরত পেতে দীর্ঘদিনের আকুতি প্রকাশ করেছেন।
তখন তার বয়স মাত্র আড়াই বছর। শনিবার (১৭ জানুয়ারি) সকালে বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় হৃধি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বছরের পর বছর চলে যাচ্ছে, নতুন বছর আসে, কিন্তু আমাদের বাবারা ফিরে আসে না। ৫ই আগস্টের পর এক বছরের বেশি সময় কেটে গেছে, কিন্তু আমরা একটিও বাবা ফেরত পাইনি।”
‘আমরা বিএনপি পরিবার’ এবং ‘মায়ের ডাক’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলো তাদের দীর্ঘদিনের বেদনা ও অপেক্ষার কথা তুলে ধরেন। হৃধি বলেন, “গুম—শব্দটি ছোট মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে অসংখ্য হাহাকার ও কষ্ট। আমার ছোটবেলার একটাই স্বপ্ন, বাবার সাথে স্কুলে যাওয়া। কিন্তু সেই স্বপ্ন আজও পূরণ হয়নি।”
হৃধি আরও প্রশ্ন তোলেন, “আমার ভাই কি কখনও বাবার মুখ দেখতে পারবে? আমাদের এই দেশে কি কখনও বিচার হবে? আমাদের বাবারা কোথায়? কেন তাদের গুম করা হয়েছিল?” তিনি গুম কমিশনের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন এবং বলেন, “গুম কমিশন বলে ধরে নিন, তারা গুম, তারা মৃত। এটা কি আমরা সহজেই ধরে নিতে পারি যে আমাদের বাবা আর নেই? একটি দল করা অপরাধ নয়, দল সবাই করে। তাহলে আমাদের জন্য কি এমন বিচার পাওয়া সম্ভব নয়?”
বক্তব্যের একপর্যায় হৃধি সরাসরি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে আহ্বান জানিয়ে বলেন, “আমি আশা করি, আপনি আমাদের বাবাদের খুঁজে দেবেন। এই বাংলাদেশের মাটিতে এই গুমের বিচার করবেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এবং জাতীয় নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এসআর
মন্তব্য করুন: