[email protected] বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
২৫ চৈত্র ১৪৩২

শতকোটি টাকার দুর্নীতি: আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬ ২:৫৫ পিএম

অবৈধ প্রক্রিয়ায় ২৮৬ জন সাব-রেজিস্ট্রার বদলি করে শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ও তার পিএস মাসুমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।

 বুধবার (৮ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন দুদকের কার্যালয়ে এ আবেদন দাখিল করেন।

আবেদনে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করা হয়, যেখানে বলা হয়েছে যে ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত আইন মন্ত্রণালয়ে সাব-রেজিস্ট্রার বদলিতে কোনো নীতিমালা মানা হয়নি এবং অন্তত ২০০ জন কর্মকর্তা ৫০ থেকে ৬০ লাখ টাকার বিনিময়ে পছন্দের জায়গায় বদলি হয়েছেন।

এমনকি ঘুষের টাকা পরিশোধ না করায় বদলি স্থগিত করা বা একই ব্যক্তিকে কয়েক মাসে একাধিকবার বদলি করার প্রমাণ পাওয়া গেছে। প্রচলিত বিধান অনুযায়ী ‘এ’, ‘বি’ ও ‘সি’ গ্রেডের অফিসের জন্য নির্ধারিত গ্রেডের কর্মকর্তাদের পদায়ন করার কথা থাকলেও ঘুষের বিনিময়ে নিম্নতর গ্রেডের কর্মকর্তাদের উচ্চতর অফিসে পোস্টিং দেওয়া হয়েছে এবং অনেককে শাস্তিমূলক বদলি করা হয়েছে। ব্যাপক অনিয়মের মুখে গত বছরের জুনে আইন মন্ত্রণালয় সতর্কবার্তা দিলেও তার আগেই বিপুল অর্থের লেনদেন সম্পন্ন হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর