রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা এক হত্যা মামলায় মো. কাজল নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার ১১ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. নূরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামিকে আদালতে হাজির করা হয় এবং পরে সাজা কার্যকরের জন্য আবার কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২০ মার্চ রাজধানীর ফার্মগেট এলাকার একটি বাসার সামনে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী জুলহাস মিয়া দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি বাসায় কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। সেদিন সন্ধ্যায় অভিযুক্ত কাজল তার কাছে ৫ টাকা দাবি করেন। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে কাজল ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় জুলহাস মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় নিহতের ছেলে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
এসআর
মন্তব্য করুন: