[email protected] শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
১২ চৈত্র ১৪৩২

নিহতদের পরিবারে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬ ৫:৪০ পিএম

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বাস নদীতে পড়ে বহু প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার দাবিতে সরকারকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

এতে প্রতিটি নিহতের পরিবারের জন্য ন্যূনতম ১ কোটি টাকা ক্ষতিপূরণ এবং আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

বুধবার (২৫ মার্চ) জনস্বার্থে সুপ্রিম কোর্টের তিন আইনজীবী—অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান এবং অ্যাডভোকেট জায়েদ বিন নাসের—যৌথভাবে এ নোটিশ জারি করেন।


নোটিশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিবদের বিবাদী করা হয়েছে। আইনজীবীরা বলেন, ঘটনাটি শুধু দুর্ঘটনা নাকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার ফল—তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা জরুরি।


এছাড়া আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং যেসব ব্যক্তি স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন, তাদের পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রের বলে উল্লেখ করা হয়েছে।


নোটিশে সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়।

একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে দ্রুত প্রতিবেদন প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।


উল্লেখ্য, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


এ বিষয়ে অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ জানান, সময়ের সীমাবদ্ধতার কারণে নোটিশটি প্রথমে ই-মেইলে পাঠানো হয়েছে। পরবর্তী কার্যদিবসে ডাকযোগেও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর