[email protected] বুধবার, ২৫ মার্চ ২০২৬
১০ চৈত্র ১৪৩২

মানহানির মামলা

ইনু, মেনন ও সাবেক বিচারপতি মানিকের জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ ৪:০৬ পিএম

সংগৃহীত ছবি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক জামিন পেয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

আদালত সূত্রে জানা যায়, এই মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে তাকে আদালতে হাজির করা হয়।

অন্যদিকে, রাশেদ খান মেনন ও বিচারপতি (অব.) শামসুদ্দিন চৌধুরী মানিককে হাজিরার জন্য আদালতে আনা হয়। শুনানি শেষে ইনুকে মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং তিন আসামির পক্ষ থেকে জামিন আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।


এর আগে, চলতি বছরের ২১ জানুয়ারি একই মামলায় মেনন ও মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছিল। মামলাটি দায়ের করা হয় ২০২৪ সালের ২২ আগস্ট, যেখানে বাদী হিসেবে ছিলেন আইনজীবী জিয়াউল হক। আদালত অভিযোগ গ্রহণ করে তদন্তের দায়িত্ব দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।


মামলার অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে বিচারপতি মানিক জিয়াউর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এছাড়া, ২০২১ সালের ফেব্রুয়ারিতে একটি সেমিনারেও তিনি একই ধরনের বক্তব্য দেন বলে অভিযোগ রয়েছে।


অন্যদিকে, ২০১৩ সালের জুলাই মাসে পৃথক অনুষ্ঠানে অংশ নিয়ে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননও জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, বিভিন্ন সময়ে জিয়া পরিবার সম্পর্কেও বিরূপ বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।


মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর