[email protected] বুধবার, ১৮ মার্চ ২০২৬
৩ চৈত্র ১৪৩২

কোনো অন্যায়ের সঙ্গে আপস নয় : আইজিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬ ২:৪৭ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সারাদেশে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

তিনি বলেছেন, যেকোনো ধরনের অনিয়ম বা অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ, কোনোভাবেই আপস করা হবে না।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


আইজিপি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দেশের সব ইউনিটকে আগাম নির্দেশনা দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মাঠে থাকবে।

প্রতি বছর ঈদের সময় যাত্রীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে এবার বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সড়কে দীর্ঘ যানজট, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি রোধে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।


তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ত বাজার এলাকায় যানজট কমাতে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্পৃক্ত করা হচ্ছে।


ড্রাইভার ও হেলপারদের উদ্দেশে আইজিপি বলেন, অনেক সময় অজ্ঞতা বা অসচেতনতার কারণে সড়কে বিশৃঙ্খলা তৈরি হয়। ট্রাফিক আইন মেনে চলা এবং দায়িত্বশীল আচরণ করলে যানজট অনেকাংশে কমানো সম্ভব।


বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো হুমকির কারণে নয়, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম সতর্কতা। টার্মিনালকেন্দ্রিক অপরাধ যেমন ছিনতাই বা মাদক সংশ্লিষ্ট কার্যক্রম প্রতিরোধে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।


রাজধানীতে অবৈধ বাস কাউন্টার প্রসঙ্গে আইজিপি বলেন, ঢাকা শহরের ভেতরে দূরপাল্লার বাস কাউন্টার না রাখার নীতিমালা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আইন প্রয়োগের মাধ্যমে এসব কার্যক্রম বন্ধ করা হবে।


অতিরিক্ত ভাড়া নেওয়ার পরও অভিযোগ না করার প্রবণতা সম্পর্কে তিনি বলেন, নাগরিকদের নিজেদের অধিকার ও প্রচলিত আইন সম্পর্কে সচেতন হতে হবে। আইন অজ্ঞতা কোনো অজুহাত হতে পারে না।


পরিদর্শনকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর