[email protected] মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
২৬ ফাল্গুন ১৪৩২

জামিনের নামে এক কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ, তদন্তের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ ২০২৬ ৪:০০ পিএম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা এক প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

অভিযোগ ওঠা প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিষয়ে আলোচনা করতে এর আগে চিফ প্রসিকিউটর কার্যালয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।


অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর একটি মামলায় জামিনের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে তার পরিবারের কাছে এক কোটি টাকা দাবি করেছিলেন সাইমুম রেজা।

কথোপকথনের অডিও রেকর্ডিংয়ে এমন তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে। প্রথম আলো ও নেত্র নিউজ যৌথভাবে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং তারা রেকর্ডিংগুলো যাচাই করেছে বলেও উল্লেখ করেছে।


জানা গেছে, বিষয়টি সামনে আসার পর ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ওই মামলার দায়িত্ব থেকে সাইমুম রেজাকে সরিয়ে দেন। তবে তাকে ট্রাইব্যুনালের অন্যান্য দায়িত্ব থেকে সরানো হয়নি।


এর মধ্যে সোমবার (৯ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এক প্রজ্ঞাপনে জানায়, সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং তাকে প্রসিকিউটরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি ২০২৪ সালের ৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন।


সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, সংবাদমাধ্যমে বিষয়টি দেখার পর তিনি তাৎক্ষণিকভাবে সব প্রসিকিউটরকে সকাল ৯টার মধ্যে উপস্থিত হতে বলেন এবং ঘটনাটি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখার উদ্যোগ নেন।

তিনি আরও জানান, অভিযুক্ত প্রসিকিউটর কয়েকদিন আগেই তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।


এ ঘটনায় প্রকাশিত সংবাদে তিনি ব্যথিত বলেও উল্লেখ করেন চিফ প্রসিকিউটর।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর